ইতিহাস

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের কোমলমতি শিশু, কিশোর ও কিশোরীদের ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করার লক্ষ্যে এবং সমাজের ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় প্রত্যক্ষ অবস্থা দর্শন করে বৌদ্ধ ধর্ম ও সমাজ উন্নয়নের নিবেদিত প্রাণ, সংঘপুরোধা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপ-সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাস্থবির সহ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের নেতৃস্থানীয় প্রতীতযশা বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব ও ধর্মানুরাগী গৃহীদের সমন্বয়ে গঠিত হয় “সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ”। তাঁদের শুভ এই চিন্তা চেতনার সাথে সম্মানিত ভিক্ষুসংঘ ও গৃহী সংঘের সম্পৃক্ততার জন্য তাঁরা বিভিন্ন গ্রাম ও বিহার সফর করেন। পরিশেষে, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের” বার্ষিক সাধারণ অধিবেশনে অনুমোদন সাপেক্ষে তাঁদের স্বপ্নের এই সংগঠনের প্রতিষ্ঠানিক রূপ লাভ করে ১৯৭৭ খৃ: ১৩৮৪ বাংলায়। তাই সাংগঠনিক দিক হতে ভদন্ত জ্ঞানশ্রী মহাস্থবিরকে প্রতিষ্ঠাতা সভাপতি ও ভদন্ত প্রজ্ঞাবংশ মহাস্থবির মহোদয়কে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁদের ডাকে সাড়া দিয়ে যাঁরা এই মহান কর্মকাণ্ডে সর্বপ্রথম ভিক্ষু সংঘ হতে শ্রীমৎ ধর্মপ্রিয় মহাস্থবির, শ্রীমৎ শীলানন্দ মহাস্থবির, শ্রীমৎ গিরিমানন্দ মহাস্থবির, শ্রীমৎ প্রিয়দর্শী মহাস্থবির, শ্রীমৎ বুদ্ধরক্ষিত মহাস্থবির, শ্রীমৎ শীলরক্ষিত মহাস্থবির, শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির, শ্রীমৎ বিনয়পাল মহাস্থবির, শ্রীমৎ সুমঙ্গল ভিক্ষু সহ সে সময়ের নবীন ভিক্ষুসংঘ ছাড়াও দায়ক সংঘ হতে বাবু প্রভাকর বড়ুয়া (রাউজান), বাবু নৃপেন্দ্র বিজয় বড়ুয়া (হাইদচকিয়া), বাবু বিনয় ভূষণ বড়ুয়া (কবিরাজ) আব্দুল্লাপুর, বাবু বিভূতি বড়ুয়া (কদলপুর), বাবু প্রশান্ত কুমার বড়ুয়া (জোবরা), বাবু বীরসিন্ধু বড়ুয়া (দমদমা), বাবু প্রফুল্ল রন্জন বড়ুয়া (মাস্টার, গহিরা), বাবু মনোরঞ্জন বড়ুয়া (গহিরা), বাবু কেশব রন্জন বড়ুয়া (আব্দুল্লাপুর) এগিয়ে এসেছিলেন।

সমাজে নৈতিকতা ও অবক্ষয়রোধে শিশু-কিশোরদের সুকুমার মনোবৃত্তির বিকাশ ও আদর্শ জীবন গঠন সহায়ক ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্য নিয়ে “সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের জন্ম হয়। জন্মের পর প্রথম নির্বাচিত সভাপতি ভদন্ত গিরিমানন্দ মহাস্থবির মহোদয় অত্যন্ত দৃঢ়তার সাথে আমৃত্যু পর্যন্ত উক্ত পদে বহাল থেকে এ সংগঠনের নেতৃত্ব দান করেন। আর সম্পাদক হিসেবে প্রথম দায়িত্বভার অর্পিত হয়েছিল ভদন্ত সুমঙ্গল ভিক্ষুর উপর। কিন্তু দায়িত্ব প্রাপ্তির স্বল্প সময়ের মধ্যে তিনি গৃহ জীবনে প্রত্যাবর্তন করেন, ফলশ্র“তিতে উক্ত দায়িত্বভার অর্পিত হয় ভদন্ত প্রজ্ঞাবংশ মহাস্থবিরের উপর। তিনিও যখন শ্রীলংকা চলে যান তখন সম্পাদক হিসেবে দায়িত্বভার অর্পিত হয় ভদন্ত বিনয়পাল মহাস্থবির মহোদয় এর উপর। তিনিও উক্ত দায়িত্বভার ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির মহোদয়ের নিকট অর্পণ করেন। ১৯৮৫ ইংরেজি গঠিত কার্যকরী কমিটির পূর্বের কমিটির পূর্ণ মেয়াদ পর্যন্ত তিনি উক্ত দায়িত্বভার সুচারুরূপে সম্পন্ন করেন। উল্লেখ্য যে, ১৯৮৫ সালে গঠিত পূর্বেকার কমিটিগুলোর পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত কার্য বিবরণী বইটি শ্রীমৎ ভিক্ষু এইচ. সুগতপ্রিয়ের প্রয়াণের পর আমাদের হস্তগত হয়নি বিধায় তথ্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাতাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে এভাবে সন্নিবেশিত করা হল।

১৯৮৫ সালের পূর্বের কমিটিগুলোর কার্যকরী কমিটির সদস্য সংখ্যা ছিল ১৪ জন। প্রথম কার্যনির্বাহী কমিটি হতে ১৯৮৫ সালের পূর্বেকার কমিটিগুলোতে যাঁরা বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন তারা হলেন - শ্রীমৎ গিরিমানন্দ মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানশ্রী মহাস্থবির, শ্রীমৎ শীলানন্দ মহাস্থবির, শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির, শ্রীমৎ সুমঙ্গল ভিক্ষু, শ্রীমৎ প্রজ্ঞাবংশ মহাস্থবির, শ্রীমৎ বুদ্ধরক্ষিত মহাস্থবির, বাবু প্রভাকর বড়ুয়া, বাবু বিভূতি বড়ুয়া, বাবু সত্যপ্রিয় বড়ুয়া, বাবু প্রফুল্ল রঞ্জন বড়ুয়া, বাবু মনোরঞ্জন বড়ুয়া, বাবু নৃপেন্দ্র বিজয় বড়ুয়া, বাবু প্রশান্ত কুমার বড়ুয়া, বাবু বীর সিন্ধু বড়ুয়া, বাবু বিনয় ভূষণ (কবিরাজ), বাবু কেশব রন্জন বড়ুয়া। এছাড়া যাঁরা এ সংগঠনের প্রতিষ্ঠার পর হতে ১৯৮৫ সালের পূর্ব পর্যন্ত বিভিন্ন কার্যকরী কমিটির সভায় উপস্থিত থেকে সুচিন্তিত মতামতসহ বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রেখেছিলেন তাঁদের মধ্যে - মহামান্য ৮ম সংঘরাজ শ্রীমৎ শীলালংকার মহাস্থবির, মহামান্য ১০ সংঘরাজ শ্রীমৎ জ্যোতি:পাল মহাস্থবির, শ্রীমৎ শান্তপদ মহাস্থবির, ভিক্ষু শীলভদ্র, শ্রীমৎ আর্যবংশ ভিক্ষু, শ্রীমৎ ধর্মজ্যোতি ভিক্ষু, শ্রীমৎ প্রজ্ঞাতিষ্য ভিক্ষু, শ্রীমৎ আর্যশ্রী মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানজ্যোতি ভিক্ষু, শ্রীমৎ শাসনানন্দ ভিক্ষু, শ্রীমৎ পুণ্যজ্যোতি মহাস্থবির, বাবু প্রীতিভূষণ চৌধুরী, বাবু বিধান বড়ুয়া, বাবু রবীন্দ্র লাল বড়ুয়া, বাবু তরণীসেন বড়ুয়া, বাবু অশীতি রঞ্জন বড়ুয়া, বাবু জয়কান্তি বড়ুয়া, বাবু নীতিশ বড়ুয়া, বাবু ননী গোপাল বড়ুয়া, বাবু মনমোহন বড়ুয়া প্রমুখ ব্যক্তিবর্গ।